স্টাফ রিপোর্টার
মেহের ডিগ্রি কলেজের সিনিয়র শিক্ষক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাতের ছোট ভগ্নিপতি কবিরুল ইসলাম মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। গত ৩১ জুলাই রাত ১১টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তিনি
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ক’দিন ধরে জ্বর-শ্বাসকষ্ট ও ডায়াবেটিসে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫০ বছর। তাঁর স্ত্রী কাজী রাজিয়া বেগম শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা।
মৃত্যুকালে কবিরুল ইসলাম মজুমদার স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ শোনার পর উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন মহল ও সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। হঠৎ করে পৃথিবীর মায়া ত্যাগ করে কবিরুল ইসলাম মজুমদার ঈদের আগের দিন রাতে মৃত্যুবরণ করায় অনেকেই শোকে মুহ্যমান হয়ে পড়েন।
কবিরুল ইসলামের বাড়ি শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের মালরা গ্রামে। তিনি ও তাঁর স্ত্রী পৌর এলাকায় শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকায় পরিবার নিয়ে মেহের কালীবাড়ি এলাকায় বসবাস করতেন। করোনাকালীন তিনি বেশিরভাগ সময় বাসায় অবস্থান করছিলেন। সুযোগ পেলেই তিনি কলেজে ছুটে যেতেন। বেশ ক’দিন তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করলেও তা নিজের মধ্যে চেপে রাখেন। তাঁর মৃত্যুর আগের ৫/৬ দিন থেকে তিনি তীব্র জ্বরে ভুগছিলেন। এর সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে ডায়াবেটিস। গত ৩১ জুলাই সকালে তিনি করোনা পরীক্ষার জন্যে চেষ্টা করেন। এরপর বেলা সাড়ে তিনটার দিকে শারীরিকভাবে ভীষণ অসুস্থ বোধ করলে তাঁকে চাঁদপুর প্রেরণ করা হয়। তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে হাই ফ্লো অক্সিজেন দেয়া হয়। কিন্তু তাঁর অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকা নেয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়। সেজন্যে তাঁকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। অ্যাম্বুলেন্সে তোলার পরই তিনি সবার চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনায় তিনি প্রাণ হারিয়েছেন বলে কর্মরত চিকিৎসকরা জানান।
রাতেই সব প্রকার স্বাস্থ্যবিধি মেনে ইসলামী আন্দোলনের সদস্যদের সহযোগিতায় তাঁকে মালরা গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। রাত সাড়ে ৩টায় মালরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরিবারের সদস্যদের পাশাপাশি জানাজায় অংশ নেন শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম কাজল ও যুগ্ম-সম্পাদক ফয়েজ আহমেদ।
মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান জানান, কবিরুল ইসলাম মজুমদার ১৯৯৩ সালে মেহের কলেজে যোগদান করেন। তিনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন। কলেজের জন্য তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ। কলেজের সার্বিক উন্নয়নে তাঁর সহযোগিতা অপরিসীম।
০৯ আগস্ট, ২০২০।
