মৈশাদী ইউপির ডিজিটাল ইনোভেশন কার্যক্রম পরিদর্শন

মৈশাদী সারা দেশের মধ্যে অনুকরণীয়
…..অতিরিক্ত সচিব নুরুল আলম নিজামী



সজীব খান
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদের ডিজিটাল ও ইনোভেশন কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী। গতকাল রোববার বিকাল ৩টায় তিনি সেখানে পরিদর্শন করেন।
পরে মৈশাদী ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, মৈশাদী ইউনিয়ন বিপ্লবী পরিবর্তন এনেছে। ২০২১ সালের মধ্যে আমাদের দেশ সম্পূর্ণ ডিজিটাল বাংলাদেশে রুপান্তর হবে। বর্তমান প্রধানমন্ত্রী ২০৮০ সালে বাংলাদেশ কেমন হবে- সে বিষয় মাথায় নিয়েই কাজ করছেন। মৈশাদী ইউনিয়ন পরিষদ যে কার্যক্রম করে যাচ্ছে তা সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়েই কাজ করছে। মৈশাদী চেয়ারম্যান সত্যি একজন সফল জনপ্রতিনিধি, তাই মৈশাদী ইউনয়িন পরিষদকে সারা বাংলাদেশের সব ইউনিয়ন পরিষদ অনুসরণ করা প্রয়োজন। মৈশাদীকে অনুসরণ করে সারা বাংলাদেশের ইউনিয়ন পরিষদগুলো কাজ করলে দ্রুত বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রুপান্তর হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী যথাযথভাবে আমাদের পালন করতে হবে। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে বেশি বেশি জানাতে হবে। কোনভাবে যাতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর ত্রুটি না ঘটে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। বর্তমান তরুণ প্রজন্ম ফেসবুকের দিকে বেশি ঝুঁকে পড়ছে, তাদের এ নেশা থেকে ফিরিয়ে এনে তথ্য প্রযুক্তির দিকে ধাবিত করতে হবে। নারীরা সমাজের সব ক্ষেত্রে যাতে সঠিকভাবে বিচরণ করতে পারে সেজন্য সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
ইউপি সচিব আবু বকর মানিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষ, মৈশাদী ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক মনির হোসেন তালুকদার, শিহাব হোসেন, মৈশাদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদা বেগম, শিল্পী বেগম, ওয়ার্ড মেম্বার কালাম বেপারী, মোশারফ হোসেন, সেলিম বেপারী, দেলোয়ার হোসেন, বারেক খান, আবুল হোসেন, ফারুক সরকার, শাহিদা বেগম প্রমুখ।