মোহনপুর ইউপি চেয়ারম্যান বাবুল চৌধুরীর ইন্তেকাল

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ……রাজিউন)। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১২টা ২৭ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী ও সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১১ নভেম্বর সকাল ১০টায় মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে। তিনি পাঁচবার মোহনপুর ইউপি’র নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের চাচাতো ভাই।
এদিকে, মোহনপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান।
শোকবার্তায় তারা বলেন, মোহনপুর ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুল ঢাকায় ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আত্মার মাগফেরাত কামনা করি। মরহুমের আত্মার শান্তি কামনা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
এছাড়া মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির এবং বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে বৃহস্পতিবার বিকেলে মরহুমের প্রথম জানাযা ঢাকায় অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য আহসান উল্ল্যাহ হাসান, মরহুমের ছোট ভাই শ্রমিক নেতা নাসির উদ্দীন চৌধুরী, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, সাবেক ছাত্রনেতা আনিস পাটোয়ারীসহ দলীয় নেতৃবৃন্দ।

১০ নভেম্বর, ২০২২।