মতলব উত্তর ব্যুরো
বিয়ের সব আয়োজন সম্পন্ন। কনের বাড়িতে হাজির বরপক্ষও। ইতোমধ্যে বিয়ের মূল আনুষ্ঠানিকতাও শেষ হয়ে গেছে। বাল্যবিয়ে হচ্ছে জেনে সেখানে হাজির ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি বুঝতে পেরে মঞ্চ থেকে নেমে বাড়ির পেছন দিয়ে দৌঁড় দেয় বর ও কনে। তার সঙ্গে মেয়ের স্বজনরাও দৌঁড় দেয়। বরপক্ষকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
গত শুক্রবার দুপুরে মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নে আমিয়াপুর গ্রামের এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার আমিয়াপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি টের পেয়ে বাড়ির পেছন দিয়ে বিয়ের আসর থেকে বর ও মেয়ের বাবা পালিয়ে যায়। বিয়ে বাড়িতে যত্রতত্র খাবার ও চেয়ার টেবিল পড়ে থাকতে দেখা যায়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান বিষয়টি নিশ্চিত করে জানান, বিয়ের আসর থেকে মেয়ের বাবা ও বর পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ওই ছাত্রীর বয়স ১৮ হওয়ার আগ পর্যন্ত বর ও কনে একসাথে থাকতে পারবে না মর্মে তার অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। একইসঙ্গে বিয়ের আয়োজন করে লোকজনের সমাগম করার অপরাধে ৪০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
২৯ জানুয়ারি, ২০২৩।
