রুপসায় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উঠান বৈঠক

মশিউর রহমান
বিদ্যুৎ চুরি, অবৈধ লাইন, দুর্নীতি এবং গ্রাহক হয়রানি প্রতিরোধে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক নামে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। গত কয়েকদিন থেকে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহকদের সচেতন করতে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের (স্পটে) গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু তাহের, ফরিদগঞ্জ জোনাল অফিস ডিজিএম মো. নুরুল হোসাইন, ডিজিএম (কারিগরী) কমলেশ চন্দ্র বর্মন, রুপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহম্মেদ, শিক্ষক হারুনুর রশিদ, রুপসা বাজার ব্যবসায়ী কমিটি সভাপতি ফারুক খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৈঠকে উপস্থিত গ্রাহকদের বিদ্যুৎ চুরি, অবৈধ লাইন, দুর্নীতি, দালাল প্রতিরোধ এবং লাইনের আশপাশে গাছ ও ডাল পালা কাটায় গ্রাহকদের সহযোগিতা চাওয়া হয় এবং গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ ও পরামর্শ গ্রহণ করা হয়। গ্রাহকদের উত্থাপিত অভিযোগ দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়। উঠান বৈঠকে অংশগ্রহণকারী এলাকাবাসী সরাসরি কর্মকর্তাদের সঙ্গে কথা বলা ও অভিযোগ জানাতে পেরে বেশ আনন্দিত। পল্লী বিদ্যুতের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার জানান, গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে একটি নতুন উদ্ভাবনী উদ্যোগ। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি দিক-নির্দেশনা মোতাবেক সারা দেশে এ কার্যক্রম চলছে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এই উঠান বৈঠক আয়োজন করবে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ কার্যক্রমের ফলে গ্রাহকদের সঙ্গে অফিসের সম্পর্কের উন্নয়ন ঘটবে।