নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দু’সদস্যকে আটক করেছে পুলিশ। এরা হলো- ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামের অজিউল্যা মিজির ছেলে মো. শরীফ (২৮) ও লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার সফিকুল ইসলামের ছেলে মো. আ. হামিদ (৩০)। এসময় তাদের কাছ থেকে একটি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ বদরপুর গ্রামের জহিরুল ইসলামের একটি মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া করে শরীফ ও আ. হামিদ নামে দু’জনকে আটক করে। পরে তাদের থানা পুলিশ আটক করে নিয়ে আসে। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রাকিব জানান, আটক আ. হামিদ ও শরীফ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য। আ. হামিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় ও শরীফের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় ৪টি করে মামলা রয়েছে।
