মৃত্যুকে নয়, আমি আল্লাহকে ভয় করি
……পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন
মোহাম্মদ হাবীব উল্যাহ্
নতুন কোন করারোপ ছাড়াই হাজীগঞ্জ পৌরসভার ২০২০-২১ অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে পৌরসভা প্রাঙ্গণে সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন।
এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬০ কোটি ৪ হাজার ৭শ’ ৫০ টাকা। মোট ব্যয় ৫৬ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা। উদ্বৃত্ত থাকবে ৩ কোটি ১০ লাখ ৭৪ হাজার ৭শ’ ৫০ টাকা। বাজেটে নিজস্ব খাতে সর্বমোট আয় ধরা হয়েছে ২৩ কোটি ২ লাখ ৩১ হাজার ২শ’ ৫০ টাকা। মোট ব্যয় ২১ কোটি ৯৪ লাখ টাকা। উদ্বৃত্ত থাকবে ১ কোটি ৮ লাখ ৩১ হাজার ২শ’ ৫০ টাকা।
উন্নয়ন খাতে সর্বমোট আয় ধরা হয়েছে ৩৬ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার ৫শ’ টাকা। উন্নয়ন খাতে সর্বমোট ব্যয় ৩৪ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা। উদ্বৃত্ত থাকবে ২ কোটি ২ লাখ ৪৩ হাজার ৫শ’ টাকা।
বাজেট উপস্থাপনের আগে শুভেচ্ছা বক্তব্যে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন বলেন, পৌরবাসী যে দায়িত্বভার আমাকে দিয়েছেন, আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। তাদের প্রত্যক্ষ ও সার্বিক সহযোগিতায় অনেক অসাধ্য কাজকে বাস্তবায়ন করেছি। তাই কাজের বিচার আপনাদের (পৌরবাসী) কাছে।
তিনি বলেন, করোনা প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে আমি ঘরে বসে থাকিনি, পৌর এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় ছুটে গিয়েছি। আপনাদের পাশে দাঁড়িয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী এবং আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছি। যা এখনো অব্যাহত আছে। যে কোন পরিস্থিতিতে আমি পৌরবাসীর সাথে আছি এবং থাকবো। কারণ আমি মৃত্যুকে নয়, আল্লাহকে ভয় করি।
পৌর সচিব মুহাম্মদ নুর আজম বিন শরিফের উপস্থাপনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র-১ রায়হানুর রহমান জনি, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসফাকুল আলম চৌধুরী প্রমুখ।
এ সময় পৌর প্যানেল মেয়র-২ মো. শুকু মিয়া, কাউন্সিলর হাবিবুর রহমান, আলাউদ্দিন মুন্সী, মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, রিটন চন্দ্র সাহা, আলহাজ আবু বকর সিদ্দিক, এমরান হোসেন মুন্সী, মুরাদ হোসেন মিরন, খোরশেদ আলম ভুট্টো, নুরুল ইসলাম বেপারী, সংরক্ষিত নারী কাউন্সিলর কাজলী রানী সরকার, শাহিদা বেগম ও জোহরা বেগমসহ পৌর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনসহ বাজার ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনসহ পৌরবাসী।
০৬ জুলাই, ২০২০।
