
নিজস্ব সংবাদদাতা
ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়নের লোহাগড় গ্রামের মৎস্য খামারের মাছ চাষে বাঁধা ও সংঘর্ষের সংবাদ পাওয়া গেছে। এতে দুই জন আহত হয়।
সরজমিনে গিয়ে জানা গেছে, লোহাগড় গ্রামের ডাকাতিয়া নদীর দক্ষিণ পাশে চরের ২০ একর রিং বাঁধ সম্পত্তি আগামি এক বছরের জন্য ১০ লাখ টাকায় ৬৫ জন জমির মালিক শাহ আলম ও ছিদ্দিক গং মালিকদের নিকট থেকে ইজারা নেয়া হয়। ইজারাকৃতরা হলো বশির উল্যা তপাদার, রুবেল, আমির হোসেন, আবুল খায়ের গাজী, ইদ্রিসসহ মোট ৬৫ জন। মালিকগং গত ১ ফেব্রুয়ারি তাদের ইজারাকৃত মৎস্য খামারে পোনা মাছ উন্মুক্ত করতে গেলে ঐ এলাকার ইউপি মেম্বার সেলিম, আমির বেপারী, ইয়াছিন খান ও বাবুল গংরা দল বেঁধে অতর্কিতভাবে হামলা চালায়। এতে আলমগীর ও মুকলেছ নামে দুই জন আহত হয়। এক পর্যায়ে ইউপি মেম্বার সেলিম ও আমির বেপারীর নেতৃত্বে জোরপূর্বক আমির হোসেন ও বশির উল্যা তপাদার গংদের মৎস্য খামার দখলের চেষ্টা করে। খবর পেয়ে আমির হোসেন ও বশির উল্যাহগং ইজারাদারা বাঁধা দিলে তারা বাঁধার মুখে চলে যায়।
এ ব্যাপারে জমির মালিক পক্ষের শাহ আলম গত ১ ফেব্রুয়ারি ও ৯ ফেব্রুয়ারি ছিদ্দিক বাদী হয়ে পৃথক পৃথক ফরিদগঞ্জ থানায় দুটি অভিযোগ দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৎস্য খামারিরা আতঙ্কে আছে।
