
স্টাফ রিপোর্টার
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার হোসেনের বিরুদ্ধে খিলা বাইপাস সড়কের সরকারি সম্পত্তির মার্কেটের সামনে ওয়াল নির্মাণ হবে না মর্মে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এছাড়া হতদরিদ্রদের জন্য গৃহীত কর্মসূচির ঘর দিবে বলে, অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এ নিয়ে এলাকা জুড়ে নানামুখী মিশ্র প্রতিক্রিয়া শোনা যাচ্ছে।
ভুক্তভোগী রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের প্রসন্নপুর গ্রামের রশিদ আলী মাস্টার বাড়ির খলিলুর রহমানের ছেলে শ্রমিক লীগ নেতা মো. সালাউদ্দিন ২৫ এপ্রিল দুপুর ২টায় উপজেলা কমপ্লেক্স চত্বরে সাংবাদিকদের জানান, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খিলাবাজার বাইপাস সড়কের পাশে তার মামা প্রসন্নপুর গ্রামের নতুন বাড়ির মৃত জব্বর আলীর ছেলে আনোয়ার হোসেনের একটি ৬ তলাবিশিষ্ট মার্কেট (ভবন) রয়েছে। ভবনের সামনে ও দু’পাশে সরকারি সম্পত্তি থাকায় কিছু লোক তা দখলের চেষ্টায় দোকান-ঘর নির্মাণের চেষ্টা চালায়। বিষয়টি সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানার পর, সরকারি সম্পত্তি রক্ষায় ঐ স্থানে গার্ড ওয়াল নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি জেনে আওয়ামী লীগ নেতা জেডএম আনোয়ার বলেন, আমি সালাউদ্দিন ও আমার মামা আনোয়ার হেসেনের সাথে যোগাযোগ করে জানান, ঐ স্থানে মার্কেটের সামনে কোন ওয়াল নির্মাণ হবে না। এর বিনিময়ে ২ লাখ টাকা দিতে হবে। আমরা কিছু টাকা কম দেয়ার আবদার করলে, তিনি বলেন ১ টাকাও কম হবে না, টাকা স্যারের পিএস দয়াল চাঁদ বাবুকে দিতে হবে। তখন আমরা তাকে নগদ ৬০ হাজার টাকা প্রদান করি। বর্তমানে বাইপাস সড়কের পাশে মার্কেটের সামনে সরকারি বরাদ্দে ওয়াল নির্মাণের টেন্ডার হয়ে কাজ শুরু হয়েছে দেখে আমার মামা আনোয়ার হোসেন সমুদয় টাকা ফেরৎ দেওয়ার জন্য চাপ দিচ্ছে। আমি বিষয়টি আওয়ামী লীগ নেতা জেডএম আনোয়ারকে জানাই ও টাকা ফেরৎ দেয়ার অনুরোধ জানাই। তিনি আমার সাথে উত্তেজিত হয়ে গাল-মন্দ ও কোন টাকা ফেরৎ দিবে না উল্টো বাকি টাকা পরিশোধ করতে চাপ দেয়। সালাউদ্দিন আরো জানান, পুরো বিষয়টি আমি সংসদ সদস্যকে ফোনে জানিয়েছি। তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।
এছাড়া আওয়ামী লীগ নেতা জেডএম আনোয়ার হোসেন হতদরিদ্রদের জন্য গৃহীত কর্মসূচির ঘর দিবে বলে চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী মসজিদ বাড়ির আ. মান্নানের স্ত্রী খুকি বেগমের কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তার ভাতিজা মোহাম্মদ আসিফ। টাকা দিয়েও ঘর না পাওয়ায় তারা বিষয়টি সাংবাদিকদের জানাতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা জেডএম আনোয়ারের সাথে সাংবাদিকরা মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, এই মাত্র আপনাদের কাছ থেকে বিষয়গুলো জেনেছি। এর বেশি আমি কিছুই বলতে পারবো না।
বাইপাস সড়কের ওয়াল নির্মাণের বিষয়ে উপজেলা প্রকৌশলী রেজোয়ানুর রহমান জানান, বাইপাস সড়কে ওয়াল নির্মাণের জন্য স্থানীয় রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের এডিবির বরাদ্দ থেকে ১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ২/১ দিনের মধ্যেই ওয়াল নির্মাণের কাজ শুরু হবে।
