শাহরাস্তি ব্যুরো
‘সমৃদ্ধির অগ্রযাত্রায় উন্নত বাংলাদেশ, জনগণের দোরগোড়ায় সেবা, ২০৪১ বাস্তবায়ন’ প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্যান্ডিং বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক।
সহকারী জেলা তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেনের পরিচালনায় সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যেগের আওতায় একটি বাড়ি, একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। এছাড়া কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষায় সরকার ব্যাপক অগ্রগতি অর্জনে সক্ষম হয়েছে। সে লক্ষ্যে উন্নয়ন ও অগ্রযাত্রায় বিশে^র বুকে বাংলাদেশ আজ চির উজ্জল স্থান অর্জন করেছে।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, বিদ্যালয়ের শিক্ষক মোরশেদ আলম, আবু হানিফ ভূঁইয়া, রাজীব চন্দ্র শর্মা, উম্মে কুলছুম, সীমা রাণী চক্রবর্ত্তী প্রমুখ।
এছাড়া সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
