তোমরা সুশিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখবে
….মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি
নোমান হোসেন আখন্দ
শাহরাস্তিতে ২টি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে পৃথক দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২১ জুন) সকালে ঠাকুরবাজার চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার এবং শাহরাস্তি সরকারি বহুমুখী উবির আয়োজনে অনুষ্ঠান দুটি অনুষ্ঠিত হয়। ওইদিন সকাল ১১টায় শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার দুপুর ১২টায় শাহরাস্তি সরকারি বহুমুখী উবির তিনতলা ভীতবিশিষ্ট এবং দ্বিতীয় ও তৃতীয়তলা উর্ধ্বমুখী সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন রশীদ ও পৌর মেয়র আলহাজ আব্দুল লতিফের পৃথক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি জনসভাগুলোতে বক্তব্য বলেন, সারা দেশের মধ্যে হাজীগঞ্জ-শাহরাস্তি উন্নয়নের মহাশিখরে অবস্থান করছে। যার মধ্যে হাজীগঞ্জ-শাহরাস্তির ডাকাতিয়া নদীর উপর ৯টি ব্রিজ, ৭শ’ ব্রিজ কালভার্ট, ৬ থেকে ৭শ’ স্কুল-কলেজ-মাদ্রাসা ভবন নির্মাণ রয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ এবং পরিবারের কষ্ট মুছে ফেলবে। আর আপনারা শিক্ষক তাদের ভালো করে পাঠদানে উৎসাহিত করবেন। এক পর্যায়ে তিনি শাহরাস্তিতে ভেকু ড্রেজার দিয়ে মাটি কেটে কৃষির আবাদি জমি নষ্ট করার ব্যাপারে বলেন। যারা এ বিষয়ে সাহস দেখিয়ে এ কাজে লিপ্ত থাকবে অবশ্যই প্রশাসনকে কঠিন হস্তে এ অপরাধীদের দমন করতে হবে। স্বাধীনতার সংগ্রাম প্রসঙ্গে বলেন, আমরা তোমাদের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে সোনার বাংলাকে স্বাধীন করেছি। যা আগামি প্রজন্ম ভোগ করবে। আগামি নির্বাচনে শেখ হাসিনা সরকারকে নৌকা মার্কা আবারো ভোট দেওয়ার আহ্বানে বক্তব্য শেষ করেন।
ওইদিন দুপুরে শাহরাস্তি সরকারি বহুমুখী উবিতে সাবেক পৌর যুবলীগের আহ্বায়ক শাহ এনামুল হক কমল একইদিন সকালে ঠাকুরবাজার চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জহিরুল ইসলাম বিএসসির পৃথক পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশীদ, পৌর মেয়র আলহাজ আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেডএম আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি মডেল থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল আলম, সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন মশু, পৌর আ.লীগের সভাপতি আহসান মঞ্জরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, মশিউর রহমান শাহীন, মাসুদ হাসান, শাহরাস্তি চিশতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ বেলাল হোসেন, শাহরাস্তি সরকারি উবির প্রধান শিক্ষক ইমাম হোসেন।
ওই ২টি জনসভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয় ও মাদ্রাসা ২টির শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
২৩ জুন, ২০২৩।
