
নিজস্ব প্রতিনিধি
শাহরাস্তিতে পুকুরের পানিতে পড়ে সামিয়া আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার দুপুরে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের প্রশন্নপুর গ্রামের জমাদ্দার বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। নিহত সামিয়া ওই বাড়ির আবু সাঈদ খোকার ছোট মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয় সামিয়া। চারদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পেছনে পুকুরের পানিতে ভেসে উঠে। পরে স্থানীয়ারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
এ দিকে সামিয়ার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। ওই দিন তাকে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
