শিক্ষামন্ত্রীর নামে অপপ্রচার: চাঁদপুর মডেল থানায় জিডি

স্টাফ রিপোর্টার
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) অপপ্রচার করায় দু’টি আইডির বিরুদ্ধে সাধারণ ডায়রি করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে চাঁদপুর মডেল থানায় জিডি (নং ১৩৭১) করেন পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
সাধারণ ডায়রিতে তিনি উল্লেখ করা হয়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে ‘মিলি সুলতানা’ এবং ‘জাইমা রহমান’ নামে দু’টি ফেসবুক পেজ থেকে মিথ্যা, বনোয়াট তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। যা একজন সাধারণ নাগরিক হিসেবে আমাকে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। যা দণ্ডনীয় অপরাধও বটে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মতো সৎ এবং যোগ্য রাজনীতিকের নামে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সমাজে অস্থিরতা সৃষ্টি হবে। তাই উক্ত আইডি এবং পেজের বিরুদ্ধে তদন্তপূর্বক সামাজিক নিরাপত্তা আইনে ব্যবস্থা নেয়ার জন্য আপনাকে অনুরোধ করা হলো।
সাধারণ ডায়রির সাথে উক্ত ফেসবুক একাউন্ট, পেজের লিংক, মিলি সুলতানা এবং জাইমা রহমানের মন্তব্যের ফটোকপি জমা দেয়া হয়।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসিম উদ্দিন জানান, সাধারণ ডায়রির মাধ্যমে আমরা অভিযোগ জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এর আগেও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র নামে ফেসবুকে মিথ্যা অপপ্রচার করায় চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ৩ শিক্ষক আটক হয়ে কারাগারে আছেন। ইতোমধ্যে তাদের কলেজ থেকে বহিষ্কারও করা হয়েছে।
২৭ আগস্ট, ২০২০।