সদরের ১৪ ইউনিয়ন নেতাকর্মীদের অনুরোধে সেক্রেটারী প্রার্থী আইউব আলী বেপারী

এস এম সোহেল
আসন্ন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আইয়ুব আলী বেপারী বলেছেন, পারিবারিকভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করা একটি পরিবারে আমার জন্ম। সেই ধারাবাহিকতায় ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করে আজো এ দলের রাজনীতি করে আসছি।
তিনি বলেন, ছাত্রজীবনে ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দিতে গিয়ে বিএনপি-জামায়াত জোটের হাতে কতবার নির্যাতিত হয়েছি, হামলা-মামলার শিকার হয়েছি। রাজনৈতিক জীবনে দলের সব নেতাকর্মীদের সুখ-দুঃখে তাদের পাশে ছিলাম। তাই আমার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাদের পাশে থাকার জন্য আমাকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার অনুরোধ জানিয়েছেন- এজন্য আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি।
তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বিশাল সমুদ্র। এই সমুদ্রের আমি একজন কর্মী হিসেবে দলের শীর্ষ নেতৃবৃন্দের নিকট অনুরোধ, আমার রাজনৈতিক বিগত দিনের সকক কর্মকাণ্ড বিবেচনা করে আমাকে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ পদে নির্বাচিত করবেন। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, দলকে সুসংগঠিত ও শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত করতে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে এবং দলের সম্মান অক্ষুন্ন রাখবো।
উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ মো. আইউব আলী বেপারী ১৯৮৯ সালে বর্তমান চাঁদপুর পৌর সভার ১০নং ওয়ার্ড সাবেক ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। এরপর তিনি ১৯৯১ সালে চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৯৮ সালে জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য, ১৯৯৯ সালে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন।
পরবর্তীতে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ২০১৬ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য মনোনীত হন। তিনি গত উপজেলা পরিষদের নির্বাচনে চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি সদর উপজেলার বিভিন্ন শিক্ষা, ধর্মীয়, ক্রীড়া ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত রয়েছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন।

২২ নভেম্বর, ২০২২।