প্রধানমন্ত্রী চাঁদপুরবাসীর জন্য ২ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন
…….জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
শাহ্ আলম খান
করোনাভাইরাস সংক্রমণজনিত কারণে চাঁদপুর জেলার কর্মহীন শিল্পী ও সাহিত্যিকদের অনুকূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (৬ মে) দুপুর সাড়ে ১১টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ।
তিনি তাঁর বক্তব্য বলেন, প্রধানমন্ত্রী সবার কথা চিন্তা করেন। তাঁর চিন্তা থেকে কোন সেক্টর বাদ যায় না। সব ধরনের মানুষ যেন ভালো থাকেন সবসময়ই তিনি তা নিয়ে চিন্তা করেন এবং ভাবেন। আর তাই তিনি এই করোনাকালীন সময়ে কর্মহীন শিল্পী-সাহিত্যিকদের জন্যও ১৩৯টি চেক ১০ হাজার টাকা করে ১৩ লাখ ৯০ হাজার টাকা দিয়েছেন।
জেলা প্রশাসক আরো বলেন, প্রধানমন্ত্রী চাঁদপুরবাসীর জন্য ২ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। যা ইতোমধ্যে প্রত্যেক উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে বিতরণ করে দেয়া হয়েছে। এছাড়া গতকাল পর্যন্ত চাঁদপুর স্টেডিয়ামে প্রায় ৪ হাজার অসহায়, দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে আমরা সে নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি।
এছাড়া আমাদের শিক্ষামন্ত্রীও সবসময় চাঁদপুরবাসীর খোঁজখবর নেন। তিনিও সবসময়ই চাঁদপুরবাসীর কথা চিন্তা করেন। আপনারা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মো. আয়াজ মাবুদের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার প্রমুখ।
জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য শহীদ পাটোয়ারী ও এম আর ইসলাম বাবুর যৌথ পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ স্মৃতি।
আলোচনা পর্ব শেষে করোনাকালীন সময়ে কর্মহীন শিল্পী-সাহিত্যিকদের জন্য ১৩৯টি চেক (১০ হাজার টাকা করে) ১৩ লাখ ৯০ হাজার টাকা প্রদান করা হয়।
৯ মে, ২০২১।
