সার্ভার জটিলতায় জন্মনিবন্ধনে স্থবিরতা

মনিরুল ইসলাম মনির
সার্ভারে ত্রুটি এবং মারাত্মক ধীরগতির কারণে মতলব উত্তর উপজেলাসহ পুরো জেলায় জন্মনিবন্ধন কার্যক্রম ভোগান্তিতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সার্ভার সমস্যায় একাধিকবার ফি’র টাকা কেটে নিলেও জন্মনিবন্ধন ও জন্মনিবন্ধন সংশোধন করতে পারছেন না অনেকেই।
সরেজমিন ছেংগারচর পৌরসভা ও ১৪টি ইউনিয়ন ঘুরে পৌর মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন তথ্যকেন্দ্রের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক মাস ধরে এ সমস্যা চলছে।
স্কুল শিক্ষক মামুনুর রশিদ বলেন, শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্ড করতে, পাসপোর্ট করতে আগে জন্মনিবন্ধন করতে হয়। আর গত দেড় মাস ধরে ইউনিয়ন তথ্যকেন্দ্রে বারবার গেলেও সার্ভার সমস্যায় জন্মনিবন্ধন করতে পারছে না।
ব্যবসায়ী সুমন শিকদার বলেন, জমি ক্রয়-বিক্রয় কাজে, নতুন ভোটার হতে ও ভোটার কার্ড সংশোধন করার সময় আগে জন্মনিবন্ধন কার্ড করে নিতে হয়। যাদের আগে ডিজিটাল জন্মনিবন্ধন করা হয়নি তারা ইউনিয়ন ও পৌরসভার তথ্যকেন্দ্রে গিয়ে সার্ভার সমস্যায় তা করতে পারছেন না।
এখলাছপুর ইউপির চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, বাগানবাড়ি ইউপির চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন ও ষাটনল ইউপির চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার সার্ভার সমস্যার সত্যতা নিশ্চিত করে বলেন, মাঝে মাঝে সার্ভারের গতি বাড়ে। তখন দু’একটি জন্মনিবন্ধন কার্ড করা সম্ভব হয়। আবার কোনোদিন একটিও করা যায় না।
ফরাজীকান্দি ইউপির চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম আরও বলেন, জন্মনিবন্ধন আবেদনকালে ফি’র টাকা পরিশোধ করার পর আবার সার্ভার ডাউন হলে সে টাকা আর ফেরত পাওয়া যায় না। অনেক গ্রাহকের একাধিকবার ফি’র টাকা খোয়া গেছে।
এ সমস্যার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান বলেন, এটি দেশব্যাপী সমস্যা। সম্প্রতি জন্মনিবন্ধন দিবস পালনকালে জনপ্রতিনিধিরা এ নিয়ে নানা অভিযোগ করেছেন। যেহেতু এটি দেশব্যাপী সমস্যা, তাই আশা করা যায় দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।

০৭ নভেম্বর, ২০২৩।