সুচীপাড়া উত্তর ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে শিল্পী বেগম বিজয়ী

নোমান হোসেন আখন্দ
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শাহরাস্তির সুচীপাড়া উত্তর ইউপির সংরক্ষিত ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে সংরক্ষিত আসনের ৩টি ওয়ার্ডে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৩ জন প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। এতে মাইক প্রতিক নিয়ে শিল্পী বেগম ৯৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাছলিমা বেগম কলম প্রতিকে পেয়েছেন ৮৯০ ভোট। এছাড়া অপর প্রার্থী নূরজাহান বেগম বই প্রতিকে পেয়েছেন ৩৬১ ভোট।
নির্বাচনে ৩টি কেন্দ্রে ৬১৪৪ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২২৯৮ জন, বাতিলকৃত ভোটের সংখ্যা ৭৪টি। গড় শতকরা ভোটের হার ৩৭.৪০ ভাগ। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্যা চৌধুরী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খাজা মাইনুদ্দিন ও পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার শাহ মোজাম্মেল হক।
নির্বাচন সার্বিক মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ওবায়েদুর রহমান ও সুচীপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার।