স্টাফ রিপোর্টার :
ফরিদগঞ্জে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়ছে। উপজেলার ধানুয়া এলাকার মধ্য হরিণা গ্রামের মজুমদার বাড়ির মৃত হাকিম উদ্দিন মজুমদারের ছেলে মো. হোসেন মজুমদার (৫৫) বাড়ির পাশের নিজের বাগানে সুপারি পাড়তে উঠলে গাছের উপর দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে পরে। এসময় হোসেন মজুমদার গাছ থেকে পড়ে যান। তাকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে মৃত হোসেন মজুমদারের চাচাতো ভাই ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমিন বিএসসি বলেন, হোসেন মজুমদার মধ্য হরিণা গ্রামে পুরনো বাড়িতে ঘর নির্মাণের জন্য দু’চালা ঘর চৌচালা করার জন্য চাল তুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. যায়েদ হাসান হাসপাতালে গিয়ে লাশের সুরুতহাল প্রতিবেদন তৈরী করেন। মৃত হোসেন মজুমদারের ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
