হাইমচরে অভিযানে সোয়া লাখ মিটার জালসহ ১৩ জেলে আটক

হাইমচর ব্যুরো
সরকারের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে হাইমচরের মেঘনায় মা’ ইলিশ নিধন কালে ৩টি নৌকা ও ১ লাখ ২৬ হাজার মিটার জালসহ ১৩ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল রোববার হাইমচর কোস্টগার্ডের সিনিয়র চীফ পেটি অফিসার দীন ইসলামের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করে জাল, নৌকাসহ এ জেলেদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন- চাঁদপুর সদর উপজেলার বহরিয়া এলাকার সোলেমান আখনের ছেলে জাহাঙ্গীর আখন, ফজল হক রাঢ়ীর ছেলে দুলাল রাঢ়ী, হারুন ভূঁইয়ার ছেলে ছিদ্দিক ভূঁইয়া, খোরশেদের ছেলে মাসুম, হাকিম মৃধার ছেলে মোক্তার হোসেন, আব্দুল মালেক গাজির ছেলে সালাম গাজি, আব্দুল হালিম বেপারীর ছেলে ফজল আলি বেপারী, হরিনা এলাকার রশিদ গাজির ছেলে জাহাঙ্গীর মিয়া, ইমাম হোসেন হাওলাদারের ছেলে মাসুম, মিজান শেখের ছেলে আরিফ হোসেন, মান্নান শেখের ছেলে রাসেল, হাবু ভূঁইয়ার ছেলে শাহজান ভূঁইয়া ও মনু হাজির ছেলে হানিফ।
হাইমচর কোস্টগার্ড সিনিয়র চীফ পেটি অফিসার দীন ইসলাম জানান, মেঘনায় ইলিশের প্রজনন ক্ষেত্র তৈরিতে রোববার সকাল ভোর ৫টা হতে সকাল ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ১ লাখ ২০ হাজার মিটর কারেন্ট জাল ও ৭০ কেজি মাছ জব্দ করি। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৩টি নৌকা, ৬ হাজার মিটার জাল ও ১০ কেজি মাছসহ ১৩ জেলেকে আটক করি।
জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হবে। নৌকা জব্দ করা হয়েছে। মাছগুলো বিভিন্ন এতিমখানাসহ অসহায় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। আসামিদের উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করা হয়েছে।