হাইমচর ব্যুরো
হাইমচরে আগুনে পুড়ে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত শিখা রানী হাইমচর উপজেলা পশ্চিমচর কৃঞ্চপুর গ্রামের মৃত বিশ্বনাথ
মজুমদারের কন্যা ও কিন্ডারগার্টেনের শিক্ষক। শিখা রানীর এ মৃত্যুকে রহস্যজনক মৃত্যু হয়েছে বলে মনে করেন এলাকাবাসী। গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৫টায় উপজেলার পশ্চিম চরকৃঞ্চপুর গ্রামের এই রহস্যজনক মৃত্যুর ঘটনাটি ঘটে। আগুনের পুড়ে মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ সুপার মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম ও উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শিখা রানী তার বৌদির সাথে থাকতেন। প্রতিদিনের মতো শিখা রানী রাতে খাটে ঘুমিয়ে থাকেন। ভোর রাতে প্রতিবেশীরা শিখাকে আগুনে জ্বলতে দেখেন।
এ ব্যাপারে শিখার বৌদি জানান, রাতে আমার সাথে শিখা ঘুমিয়েছিল। ভোরে চিৎকার শুনে দৌঁড়ে গিয়ে দেখি শিখা আগুনে পুড়ে যাচ্ছে। আমি আর কিছু জানি না।
প্রত্যক্ষদর্শী শোভা রানী মজুমদার জানান, আমি ঘর থেকে চিৎকার শুনে গিয়ে দেখি শিখার গায়ের কাপড়ে আগুন জ্বলছে। তাকে আমি মাটিতে পড়ে থাকতে দেখিছি। আগুনের জ্বলার সময় শিখা নড়াচড়া কিংবা তার মুখের কোন শব্দ শুনি।
এ ব্যাপারে হাইমচর থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, প্রাথমিক ধারণা হচ্ছে, শিখা রানী আগুনের পুড়ে মারা গেছে। আরো কিছু সময় পেলে নিখুঁতভাবে বলা যেতো, প্রাথমিকভাবে বলা যায় অগ্নিদগ্ধ। এখন পর্যন্ত কোন মামলা হয়নি।
২৮ ফেব্রুয়ারি, ২০২১।
