সাহেদ হোসেন দিপু
‘দুর্যোগ দুর্ঘটনায় সবার আগে সবার পাশে’ এ শ্লোগান নিয়ে সারাদেশের মতো হাইমচরেও বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় হাইমচর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যন মো. নূর হোসেন পাটওয়ারী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, অগ্নি-দুর্ঘটনা, ভূমিকম্প, পাহাড়ধস ও অন্যান্য দুর্যোগ পরবর্তী সব সমস্যা মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের একঝাক কর্মী। এ কর্মীবাহিনী নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচাতে সদা প্রস্তুত থাকে। তিনি ফায়ার সার্ভিস কর্মীদের কার্যক্রমের প্রশংসা করে বলেন ৬ষ্ট জাতীয় কমডেকায় প্রধানমন্ত্রী আসার আগের দিন হাইমচরে ভয়াবহ যে দুর্যোগ হয়েছে তার পরবর্তী সব সমস্যা মোকাবেলায় হাইমচরের ফায়ার সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
হাইমচরের ফায়ার স্টেশনকে ৩য় শ্রেণি থেকে ২য় শ্রেণিতে উন্নীতকরণের লক্ষ্যে হাইমচর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন শিক্ষামন্ত্রীর মাধ্যমে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসি বেগমের সভাপতিত্বে এবং পল্লী বিদ্যুৎ বিভাগের ইনচার্জ মো. শহিদুল আলমের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জি এম আমির হোসেন।
এ সময় বক্তব্য রাখেন হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন মোল্লা, সহকারী অধ্যাপক মো. মোখলেছুর রহমান মুকুল, ডেপুটি কমান্ডার হাফেজ আহম্মেদ মাস্টার, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আ. রহমান, চরভৈরবী ইউপি চেয়ারম্যন আহম্মেদ আলী মাস্টার, মৎস্যজীবী লীগ সভাপতি মো. উজ্জল।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ জি এম আমির হোসেনর নেতৃত্বে ফায়ার সার্ভিস সদস্যরা অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান প্যারেড প্রদর্শন করেন। এসময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
