ট্রাফিক পুলিশের আয়োজনে
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে সড়ক পরিবহন আইন-২০১৮ আইন বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ট্রাফিক পুলিশের আয়োজনে গতকাল বুধবার সকালে বর্ণাঢ্য র্যালি ও পথসভা এবং সড়ক আইন বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেনের নেতৃত্বে র্যালিটি থানা চত্বর থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে পশ্চিম বাজারস্থ চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্সের সম্মুখে অনুষ্ঠিত পথসভায় মোটরযান মালিক ও শ্রমিকদের উদ্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) প্রধান অতিথির বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতি বছর প্রায় ৩ হাজার লোক মৃত্যুবরণ এবং ৩ হাজার লোক পঙ্গুত্ববরণ করেন। এছাড়া হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে থাকে। সঠিকভাবে সড়ক আইন মেনে না চলার কারণে, আমাদের এই অপূরণীয় ক্ষতি হচ্ছে।
নিজে সচেতন হবো, অন্যকে সচেতন করবো উল্লেখ করে তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের সড়ক আইন মেনে চলতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা যদি, নিজ নিজ অবস্থান থেকে পরিবর্তন হতে পারি, তাহলে সমাজ তথা দেশ এমনিতেই পরিবর্তন হয়ে যাবে।
ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) তালুকদার মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি। বক্তব্য শেষে মোটরযান শ্রমিদের মাঝে সড়ক পরিবহন আইন-২০১৮ বিষয়ক লিফলেট বিতরণ করেন অতিথিবৃন্দ এবং ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যরা।
এ সময় থানা ও ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তা, মোটরযান মালিক ও শ্রমিকেরাসহ মোটর সাইকেল রাইডাররা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সবাই সড়ক পরিবহন আইন মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।
