হাইমচরে মাদক, জঙ্গি, বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী সভা

সাহেদ হোসেন দিপু

হাইমচরে মাদক, জঙ্গি, বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী আলোচনা এবং অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় গাজীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান গাজীর সভাপতিত্বে এবং সচিব নির্মল পালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসি বেগম।
এসময় তিনি বলেন, সমাজ সংস্কারের জন্য মাদক, বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী প্রতিরোধ গড়ে তোলা আমাদের সবার নৈতিক দায়িত্ব। সমাজে এদের কারণে প্রতিনিয়ত ঘটছে নানা অসম্প্রাদায়িক ঘটনা। সমাজে যেমন ভাল মানুষ আছে, তেমনি খারাপ মানুষও আছে। এসব অসম্প্রদায়িক লোকদের চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, গুজবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে মানুষের মাঝে যে আতংক সৃষ্টি হয়েছে তা নির্মূলে আমাদের সচেতন হতে হবে। আপনার এলাকায় কোন ব্যক্তিকে যদি সন্দেহ হয় তাৎক্ষণিক পুলিশকে জানাবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি মেম্বার খাজা আহমেদ তালুকদার, মাছ ব্যবসায়ী হুমায়ুন কবির বাবুল, দেলোয়ার গাজী, মন্টু হাওলাদার, আব্দুল হাই দর্জি।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রামকৃষ্ণ সরকার, মুনচুর মিজি, নুরু মৃধা, হাবিবুর রহমান রাঢ়ী, ইউপি সদস্য ফাতেমা বেগম, রাবেয়া বেগম, খাদিজা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

২৪ জুলাই, ২০১৯।