হাইমচর দুর্গাপুর উবির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


হাইমচর ব্যুরো
হাইমচরের দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নূর হোসেন পাটওয়ারী। বিকেল ৪টায় বিদ্যালয়ের হল রুমে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে ও শিক্ষক আ. রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নূর হোসেন পাটওয়ারী।
এসময় তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাতে উৎসাহ যোগায়। পড়াশোনার পাশাপাশি তোমরা খেলাধুলায় চর্চা করবে এতে করে তোমরা চাপ মুক্ত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার যাবতীয় সরাঞ্জম প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে দিয়েছেন। যেন বাংলাদেশের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় চর্চা করতে পারে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পড়ালেখার পাশাপাশি খেলাধুলাকেও প্রাধান্য দিয়েছেন। কারণ পড়ালেখার সাথে খেলাধুলা একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে।
এসময় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, হাইমচর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খাঁন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল আমিন পাটওয়ারী, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ মাস্টার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এমএ বাশার, হাইমচর প্রেসক্লাব সভাপতি খুরশিদ আলম, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহিন মিয়াজি, শফিক পাটওয়ারী।
বিদ্যালয়ের সব ছাত্রকে টুপি এবং ছাত্রীদের কলম উপহার দেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহিন মিয়াজি। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।