হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধে হামলা, আহত ৪


নিজস্ব প্রতিনিধি
হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত মিজানুর রহমান (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। অপর পারভীন বেগম (৪০), ফাতেমা বেগম (৩০) ও হৃদয় হোসেন (১৮) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের অলিপুর গ্রামের হাজি বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার বিকালে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন হৃদয় হোসেন (১৮)। সে ওই বাড়ির জাকির হোসেনের ছেলে। অভিযোগের বিবাদীরা হলেন, একই বাড়ীর মাসুদ রানার স্ত্রী সীমা বেগম (৩৫), আব্দুল হাকিমের ছেলে মো. মামুন (৩০), মাসুদ রানা (৪০) ও মো. আজিজ (৩৭) সহ অজ্ঞাত নামা ২/৩ জন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিবাদী জাকির হোসেন গংদের সাথে বাদী হৃদয় হোসেনের পরিবারের সাথে সম্পত্তিগত বিরোধ রয়েছে। ঘটনার দিন সম্পত্তি জবর দখল সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদীদের সাথে মিজানুর রহমান ও ফাতেমা বেগমের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে বিবাদীরা অজ্ঞাতনামা ২/৩ জনকে সাথে করে পূর্ব পরিকল্পিতভাবে বাদীদের দখলীয় ভূমিতে এসে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায় এবং তাদেরকে প্রাণ নাশের হুমকিসহ ভয়-ভীতি প্রদর্শন করে। পরে বাদীর আত্মীয়-স্বজনেরা হামলায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মিজানুর রহমানকে ভর্তি এবং অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেন।
এ বিষয়ে গুরুতর আহত মিজানুর রহমান বলেন, বিবাদীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে আমার মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে পুলিশ গিয়ে আমাকে হেফাজত করে। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত না হলে, আমাদের মেরেই ফেলতো বিবাদীরা।
বিবাদী মাসুদ রানা বলেন, জাকির হোসেনের সাথে আমাদের সম্পত্তিগত বিরোধ রয়েছে। এ বিষয়ে দুই পক্ষে আদালতে মামলা বিচারাধীন। ঘটনার দিন তারা (বাদী) আমাদের উপর হামলা চালায়। এতে ছোট ভাই মামুনসহ আমরা দুই-তিন আহত হয়েছি। তিনি বলেন, তাদের আহতরা এই বাড়ির লোক নয়। তারা বাদীর পক্ষ হয়ে আমাদের বাড়িতে এসে হামলা চালায়।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।