হাজারো মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সেলিম খান

নৌকার টিকেট পেয়ে

আল আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা থেকে এলাকায় গিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন মো. সেলিম খান। ঢাকা থেকে এলাকায় পৌঁছানোর খবরে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ ফুল ছিটিয়ে ও পুষ্পমাল্য দিয়ে তাকে বরণ করে নেন। নেতাকর্মীদের ছিটানো ফুলে পিচঢালা সড়ক হলুদ পুষ্প গালিচায় রূপ নেয়। এসময় পুরো এলাকাজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়।
গত শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড তাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ার পর গতকাল রোববার তিনি এলাকায় পৌঁছালে উৎসব শুরু হয়। এলাকায় তার আগমনের খবরে দলীয় নেতাকর্মী ছাড়াও অসংখ্য নারী-পুরুষ ও শিশু রাস্তার দু’ধারে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান।
এলাকায় গিয়ে তিনি প্রথমে তার বাবার কবর জিয়ারত করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে কুশল বিনিময় করেন। তাকে দলীয় মনোনয়ন দেয়ায় তিনি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মো. সেলিম খান বলেন, দল থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থনের কারণে আমি এককভাবে দলীয় মনোনয়ন পেয়েছি। আগামি ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা নৌকার বিজয় নিশ্চিত করতে আজ থেকেই কাজ শুরু করবেন।
তিনি আরো বলেন, বিগত দিনে আমি যেভাবে এলাকার উন্নয়ন করেছি পুনরায় নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যাহত রাখব।
এদিকে মো. সেলিম খান দলীয় মনোনয়ন পাওয়ায় ইউনিয়নজুড়ে সাধারণ জনগণের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মো. সেলিম খান ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
এর আগে ২০১৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পান বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম খান। শেষ মুহূর্তে সীমানা জটিলতায় উচ্চ আদালতের আদেশে নির্বাচন স্থগিত হয়ে যায়। ২০১১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে অংশ নিয়ে বিএনপির দাপুটে নেতা ও একাধিকবারের চেয়ারম্যানকে বিপুল ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া ২০০৩ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
০১ ফেব্রুয়ারি, ২০২১।