মোহাম্মদ হাবীব উল্যাহ্
মানসিক ভারসাম্যহীন হয়ে নিখোঁজ হওয়ার ১৩ বছর পর হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেনকে (৫২) খুঁজে পেলো তার পরিবার। গত শনিবার বিকালে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ বাজার থেকে তাকে উদ্ধার করা হয়। সে পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার মাইজের বাড়ির মরহুম সেকান্তর আলীর ছোট ছেলে। ২০০৮ সালে মানসিক ভারসাম্যহীন অবস্থায় নিখোঁজ হয় সে।
বর্তমানে মোতালেব হোসেন পরিবারের সদস্যদের কাছে রয়েছেন। তবে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের নির্দেশে তাকে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহআলমের সার্বিক তত্ত্বাবধানে রাখা হয়েছে। মোতালেব হোসেন ১৯৮৯-১৯৯৮ সাল পর্যন্ত পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে কাউন্সিলর মো. শাহআলম জানান, ২০০৭ সালে হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থ হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে মোতালেব হোসেন। ওই সময়ে পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমানে হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম আ.স. মাহবুব-উল আলম লিপন ব্যক্তিগতভাবে তার চিকিৎসার ব্যবস্থা করেন এবং তার চিকিৎসায় প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা ব্যয় করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ হয় সে।
এরপর মজিবুর রহমান রাব্বি নামের আমাদের এলাকার একজন ভাই (ঔষুধ কোম্পানীর প্রতিনিধি) মোতালেব হোসেনকে রামগঞ্জ বাজারে দেখতে পেয়ে আমাদের জানান। খবর পেয়ে তার পরিবারের লোকজনকে সাথে নিয়ে আমরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জে নিয়ে আসি। তার সুস্থতার জন্য চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে। এ বিষয়ে তিনি শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করেন।
রোববার পৌরসভা কার্যালয়ে মোতালেব হোসেনকে নিয়ে যান তার পরিবারের সদস্যরা। এ সময় তাকে দেখে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন আবেগাপ্লুত হয়ে পড়েন।
এদিকে মোতালেব হোসেনের সুস্থতার লক্ষ্যে চিকিৎসার জন্য ফান্ড গঠনে আজ সোমবার বিকাল সাড়ে ৪টায় হাজীগঞ্জ বাজারস্থ বধুয়া কমিউনিটি সেন্টারে একটি সভার আয়োজন করেন সাবেক ছাত্রলীগ নেতারা। শুভাকাঙ্ক্ষীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম।
০৮ নভেম্বর, ২০২১।
