
হাজীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান নির্মাণ করা হয়। -ইলশেপাড়
নিজস্ব প্রতিনিধি
হাজীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদীদের বিরুদ্ধে (নিষেধাজ্ঞার বিবাদী) জোরপূর্বক দোকান ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। ঘটনাটি গত ১৬ জানুয়ারি পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের মান্নান কোম্পানির বাড়ির সামনে ঘটে।
চাঁদপুর সিনিয়র সহকারী জজ (হাজীগঞ্জ আদালত) অস্থায়ী নিষেধাজ্ঞার অভিযোগ সূত্রে জানা যায়, ২১৩নং মকিমাবাদ মৌজার সিএস ৫২, এসএ ১১২, খারিজী ২০৮৬নং খতিয়ান বিএস ৩৩৯নং খতিয়ানের সাবেক ৮৪০ হাল ১৪১৭ দাগে মো .১৮ একর ভূমির মালিক সুষমা সুন্দরী সাহা ও ননীবালা সাহা। তাদের কাছ থেকে ১৯৭৩ সালের ১৩ অক্টোবর আব্দুল মান্নান ও আব্দুল হান্নান পৃথক দু’টি ছাপ কবলামূলে ক্রয়সূত্রে রেজিস্ট্রি (নং-৫৪০৮ ও ৫৪০৭) করেন।
উল্লেখিত সম্পত্তিতে ২০০৪ সালে দেওয়ানী বন্টন মামলা (নং- ০৩) করে মো. মামুন মিয়া গং। এই মামলা চলাকালীন সময়ে গত ১৪ জানুয়ারি মামলার বিবাদী ১০৭ থেকে ১১২নং (ইয়াছমিন গং) বাদী হয়ে আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আরজি করে। আদালত তাদের আরজি মঞ্জুর করে ঐ সম্পত্তিতে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর গত ১৫ জানুয়ারি বিবাদী পক্ষ আদালতের নিষেধাজ্ঞার নোটিশ পেয়ে ইয়াছমিন গংদের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে। তারই আলোকে গত ১৬ জানুয়ারি বিবাদী মামুন গং তাদের দলবল নিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞাকৃত সম্পত্তিতে জোরপূর্বক দোকান ঘর নির্মাণ করে।
এ ঘটনায় অস্থায়ী নিষেধাজ্ঞার বাদী ইয়াছমিন গং এ প্রতিবেদককে বলেন, বিবাদী মামুন গং আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। তারা বিচারাধীন সম্পত্তিতে জোরপূর্বক দোকান-ঘর নির্মাণ করে। আমি এ বিষয়ে আদালতকে জানাবো।
