মোহাম্মদ হাবীব উল্যাহ্
‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই প্রতিপাদ্যে হাজীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) র্যালি, সমাবেশ, চিত্রাঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিন সকালে র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর র্যালিটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসাইনের উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল ইসলাম প্রমুখ।
বক্তব্য শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন দুর্যোগ বিষয়ক ডিসপ্লে প্রদর্শন এবং দুর্যোগ প্রতিরোধ ও মোকাবিলায় ধারণা প্রদান করা হয়।
এসময় প্রশাসন, ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৪ অক্টোবর, ২০২২।
