মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে আবারো এক অবৈধ ড্রেজার ব্যবসায়ীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিনটি জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। গত বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকালে উপজেলার বাকিলা ইউনিয়নের শ্রীপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার ব্যবসায়ী হুমায়ুন পাটওয়ারীকে (৫৭) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা ও ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।
জরিমানাপ্রাপ্ত ড্রেজার ব্যবসায়ী ওই ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের আব্দুল মান্নান পাটওয়ারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই ইউনিয়নসহ আশপাশের ইউনিয়নে অবৈধ ড্রেজার ব্যবসার মাধ্যমে বালু উত্তোলন করে কৃষি জমি ধ্বংস করে আসছেন বলে স্থানীয় ও এলাকাবাসীর অভিযোগ। যা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর বিধি অনুযায়ী অপরাধ।
এদিকে একই অভিযোগে গত ৩ আগস্ট উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের তাজুল ইসলামের ছেলে অবৈধ ড্রেজার ব্যবসায়ী শহীদুল ইসলামকে নগদ ১ লাখ টাকা জরিমানা ও তার ড্রেজার মেশিনটি জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও গত মাসে (জুলাই) উপজেলার বিভিন্ন স্থান থেকে ৯টি ড্রেজার মেশিন জব্দ ও পৃথক পৃথকভাবে নগদ মোট সাড়ে ৬ লাখ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে কৃষি জমি ধ্বংস করার অপরাধে এদিন (বৃহস্পতিবার) বিকালে দক্ষিণ শ্রীপুর গ্রামের ড্রেজার ব্যবসায়ী হুমায়ুন পাটওয়ারীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৫ (১) ও ১৫ (১) ধারা অনুযায়ী নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও ডেজ্রার মেশিনটি জব্দ করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জনসচেতনতার লক্ষ্যে উপস্থিত লোকজন ও এলাকাবাসীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা (বিধিমালা) এবং ড্রেজারের ক্ষতিকর দিকগুলো উল্লেখপূর্বক বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ ও নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুলিশের সহযোগিতায় জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের এই রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
১৫ আগস্ট, ২০২১।
