হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

আমেরিকা প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তসহ অন্যান্য গুরুতর রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণের জন্য হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন দিয়েছে আমেরিকা (ইউএসএ) প্রবাসীদের সংগঠন ‘হাজীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইনক)। গত বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে সংগঠনের উদ্যোগে ও অর্থায়নে এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় এই অক্সিজেন কনসেনট্রেটর মেশিন দেয়া হয়।
হাজীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ এবং পৌরসভাধীন বলাখাল এলাকার আগুনে পোড়া ও ক্যানসারে আক্রান্ত অসহায় দুইজন রোগীর হাতে নগদ ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা তুলে দেন।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অক্সিজেন কনসেনট্রেটর ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানভীর হাসান।
এছাড়াও ভিডিও-কনফারেন্সে বক্তব্য রাখেন আমেরিকা (ইউএসএ) প্রবাসীদের সংগঠন ‘হাজীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইনক) এর সদস্য সচিব হাজীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রহমান মজুমদার। বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামাল হোসেন। এ সময় পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ হাবীব উল্যাহ্র সঞ্চালনায় অনুষ্ঠানে অক্সিজেন কনসেনট্রেটর ও নগদ টাকা বিতরণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাজীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান মো. সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাখাওয়াত হোসেন, সামাজিক সংগঠন প্রচেষ্টার সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. শহিদ উল্যাহ্।
১৫ আগস্ট, ২০২১।