মোহাম্মদ হাবীব উল্যাহ্
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে আবারও নৌকার মাঝি হলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। শনিবার (২৬ ডিসেম্বর) রাতে তিনি নিজেই এই প্রতিনিধির কাছে তাঁর প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় মহান আল্লাহ্র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমি আবারও নৌকা প্রতীক পেয়েছি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছেন। ইনশাআল্লাহ্, আমি প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাসের সর্বোচ্চ মর্যাদা দেয়ার চেষ্টা করবো। পৌরবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আপনারা আগেও যেভাবে আমার পাশে ছিলেন, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকবেন- সেই প্রত্যাশা করি।
উল্লেখ্য, গতকাল শনিবার বিকালে তৃতীয় ধাপে দেশের ৬৪ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সভায় প্রার্থীতা চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে তৃতীয় ধাপের ৬৪ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গত ২০ ডিসেম্বর থেকে দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিতরণ শুরু করে আওয়ামী লীগ। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলে ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম। এতে হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ ১৪জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
অবশেষে শনিবার রাতে ৬৪ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীতা ঘোষণা করা হয়। এতে দলের মনোনয়ন বোর্ড হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনকে প্রার্থীতা ঘোষণা করেন। আগামি ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই নির্বাচনের ভোটগ্রহণ।
এই ৬৪ পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামি বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামি ১০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১১ জানুয়ারি। ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
২৭ ডিসেম্বর, ২০২০।
