দ্বিতীয় ডোজের ৪ মাস পার হলেই বুস্টার ডোজ
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে কোভিড-১৯ বুস্টার ভ্যাকসিনেশন ক্যাম্পেইন (৪-১০ জুন) অবহিতকরণ ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলার সভাপতিত্বে শনিবার (৪ জুন) সকালে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ।
এদিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল, সদর ইউপির চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, বড়কুল পশ্চিম ইউপির চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, কালচোঁ উত্তর ইউপির ইউপি সদস্য সৈয়দ আহাম্মদ প্রমুখ।
মেডিকেল অফিসার ডা. ওমর ফারুকের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা জানান, প্রতিটি ইউনিয়নে বুস্টার ডোজ হিসাবে মর্ডানা ও এস্ট্রাজেনেকার টিকা (ভ্যাকসিন) দেয়া হবে। যারা ফাইজারের টিকা দিতে চান, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার জন্য অনুরোধ জানান তিনি।
এসময় তিনি বলেন, ৪-১০ জুন প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফাইজার বুস্টার দেয়া হবে। ১৮ বছর বা তদূর্ধ্ব যেকোন বাংলাদেশি নাগরিক দ্বিতীয় ডোজ পাওয়ার ৪ মাস পর টিকা কার্ড প্রদর্শন করে বাংলাদেশের যেকোন কোভিড ১৯ টিকা কেন্দ্রে বুস্টার ডোজ নিতে পারেন।
অবহিতকরণ ও সমন্বয় সভায় অন্যান্য সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
০৫ জুন, ২০২২।
