হাজীগঞ্জে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল


নৈতিকতার দিক থেকে দেশ পিছিয়ে যাচ্ছে
…..শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে ইসলামী আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার রোটারী ক্লাব অব হাজীগঞ্জে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহরাস্তি খেড়িহর মাদরাসা প্রধান মুফতি মো. আব্দুল মানান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু নৈতিকতার দিক থেকে দেশ পিছিয়ে যাচ্ছে। দেশে লাগামহীন দুর্নীতি, ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন, খাদ্যে ভেজালসহ অপরাধমূলক কার্যক্রম বেড়েই চলছে। কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে না। অপরদিকে এক শ্রেণির মানুষের হাতে দেশের সিংহভাগ অর্থ চলে যাচ্ছে।
তিনি বলেন, এসব অপরাধমূলক কার্যক্রম থেকে আমাদের মুক্তি পেতে হবে। সেজন্য নৈতিক চরিত্রবান জাতি গঠন করতে হবে। শিক্ষা অর্জনে শুধু পুঁথিগত বিদ্যা নয়, নৈতিক ও চারিত্রিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। ইসলামী মূল্যবোধ প্রতি গুরুত্ব দিয়ে কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা করতে হবে। এজন্য যার-যার অবস্থান থেকে আমাদের দায়িত্বশীল হতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে এবং ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের উপজেলা সহ-সভাপতি মুহাম্মদ খোরশেদ আলম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারী মাওলানা মো. নুর উদ্দিন, হোটেল রেস্তোরাঁ শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারী মো. কামাল গাজী প্রমুখ।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের উপজেলা সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান পাটওয়ারী, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা শাহাদাৎ হোসাইন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপজেলা সহ-সভাপতি হাফেজ শাহজালালের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ মাছুম বিল্লাহ।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপজেলা, পৌর ও ইউনিয়ন থেকে আসা দায়িত্বশীলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।