হাজীগঞ্জে ইসলামী আন্দোলনের কর্মহীনদের মাঝে ফুডপ্যাক বিতরণ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে রমজান উপলক্ষে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন লোকজনের মাঝে ফুড প্যাক (খাদ্য ও ইফতার সামগ্রী) বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (৪ মে) বিকালে পৌরসভাধীন ৮নং ওয়ার্ডে শতাধিক পরিবারের মাঝে ১৫ ধরনের খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীরের আহ্বানে কর্মহীন লোকজন, অস্বচ্ছল ও দরিদ্রের মাঝে এই খাদ্য ও ইফতার সামগ্রী (চাল, ডাল, ছোলা বুট, তেল, খেজুর, চিড়া, চিনি, লবণ, মশুর ডাল, দুধ, পেঁয়াজ, আলু, ট্যাং, সাবান ও মুড়ি) বিতরণ করেন সংগঠনের উপজেলা শাখার নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার আয়োজনে পৌরসভাসহ উপজেলার সব ইউনিয়নে ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ করা হবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণকালে দ্বীনি সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটির উপজেলা ছদর আলহাজ মোরশেদ আলম, সাধারণ সম্পাদক আলহাজ খোরশেদ আলম সর্দার, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মো. শাহদাত হোসেন প্রধানীয়া উপস্থিত ছিলেন।
ফুড প্যাক বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুজ্জামান পাটওয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামাল গাজী, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মুজাহিদ কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস। এ সময় ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০৫ মে, ২০২০।