হাজীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে ১২৫ পিস ইয়াবাসহ মো. মোস্তফা (২২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার (৩০ আগস্ট) তাকে পৌরসভাধীন ৭নং ওয়ার্ড এলাকার টোরাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আটক করা হয়। সে ওই টোরাগড় গ্রামের উত্তর পাড়া হোসেন উদ্দিন হাজি বাড়ির ওরফে পাথরকুইল্লা বাড়ির জামাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আটক মোস্তফা টোরাগড় গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে ওই এলাকাসহ আশপাশের গ্রামে পাইকারী ও খুচরা ইয়াবা বিক্রি করে আসছে। এ দিন গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক মো. আব্দুল আলীম অভিযান পরিচালনা করে ১২৫ পিস ইয়াবাসহ তাকে হাতে-নাতে আটক করে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আটক মাদক ব্যবসায়ী মোস্তফাকে সোমবার আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। তাই পুলিশকে তথ্য দিয়ে দিয়ে সহযোগিতার আহবান জানান। তথ্যদাতার নাম গোপন রাখা হবে বলে তিনি নিশ্চিত করেন।
৩১ আগস্ট, ২০২১।