মোহাম্মদ হাবীব উল্যাহ্
লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে হারিয়ে যাওয়া শিশু মো. ইব্রাহিম খলিল রাব্বি (১০) কে উদ্ধার করে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ। গত সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কাজীরগাঁও গ্রাম থেকে উদ্ধার করে শিশুটির বাবা-মায়ের কাছে বুঝিয়ে দেন তিনি।
উদ্ধারকৃত শিশু রাব্বি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার শিবপুর গ্রামের জমাদ্দার বাড়ির মো. সোহেলের ছেলে। সে রামগঞ্জ থানাধীন এলাকার একটি মাদ্রাসা আবাসিক ছাত্র হিসেবে পড়ালেখা করতো। সম্প্রতি সে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর তারা বাবা রামগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রি করেন।
ওই নিখোঁজ ডায়রির সূত্র ধরে হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের একটি এলাকা থেকে শিশু মো. ইব্রাহিম খলিল রাব্বিকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে সোমবার রাতে বাবা মো. সোহেল ও মা সালমা বেগমের কাছে শিশুটিকে বুঝিয়ে দেন ওসি মোহাম্মদ হারুনুর রশিদ।
২৬ মে, ২০২১।
