আনন্দদায়ক পাঠদান ও শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনের শিক্ষা দিতে হবে………… কামরুল হাসান
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে আউট অব স্কুল চিলড্রেন শিক্ষা কর্মসূচীর উপজেলা পর্যায়ে শিক্ষক-সুপারভাইজারদের মাসিক সতেজীকরণ এবং সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় শিক্ষক ও সুপারভাইজারদের উদ্দেশে তিনি তাঁর বক্তব্যে বলেন, যেসব শিশু প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে পড়েছে, তারা স্কুলের আনন্দ থেকে বঞ্চিত। সেসব শিশুদের স্কুলে ফিরিয়ে নিয়ে আসার জন্য সরকার উপানুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করেছে। আপনারা তাদের (শিশু) আনন্দাদায়ক পাঠদানের ব্যবস্থা করবেন। কারণ, তাদের পড়ার আগ্রহ হারিয়ে ফেলেছে। পাশাপাশি তাদের উন্নত ও নৈতিক চরিত্র গঠনের শিক্ষা দান করবেন।
এছাড়া শিশুদের সাথে দেশ ও দেশের ইতিহাস, ঐতিহ্য, জাতীয় দিবসসমূহ এবং উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে আলোচনা করবেন। এতে শিশুরাও শিখবে, আপনারা (শিক্ষক ও সুপারভাইজার) শিখাতে গিয়ে নতুন নতুন শব্দ বা বিষয় জানতে পারবেন। অনেকেই আমরা বিশ্রাম বা অবসর সময়ে ফেসবুক ব্যবহার করি। অথচ ফেসবুকের অধিকাংশে থাকে ডাহা মিথ্যা কথা।
শিক্ষক ও সুপারভাইজারদের উদ্দেশ্যে জেলা প্রশাসক আরো কামরুল হাসান আরো বলেন, ফেসবুক নয়, বরং গুগল থেকে অনেক কিছু জানা যায়। আপনারা প্রতিদিন যদি একটি করে শব্দ জানার চেষ্টা করেন, তাহলে ৩৬৫ দিনে অনেক কিছু শেখা ও জানা হবে। এতে আপনার শিক্ষা ও পাঠদানের কাজে আসবে। আপনাদের কাছ থেকে শিশুরাও নতুন করে শিখতে ও জানতে পেরে আনন্দিত হবে।
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে ও সমাহার (গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশন) কর্তৃক পরিচালিত অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিকান্দার, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. আবু নাজের ও সমাহারের নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে এবং উপানুষ্ঠানিক শিক্ষার জেলা কর্মসূচী ব্যবস্থাপক সুজিৎ সরকারের উপস্থাপনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় শিক্ষক ও সুপারভাইজারদের পক্ষে বক্তব্য রাখেন রামপুর ও নওহাটা এলাকার সুপারভাইজার খোদেজা আক্তার। বক্তব্য শেষে দক্ষিণ রায়চোঁ বাড়ি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল হাসানসহ অতিথিরা।
০৮ ডিসেম্বর, ২০২২।
