
স্টাফ রিপোর্টার
হাজীগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী মেহেরুন্নেসার (১৮) উপর অতর্কিত হামলা ঘটনা ঘটেছে। এতে মেহেরুন্নেসা ও তার ছোট ভাই তানজিল হোসেন (১৬) আহত হয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তাদের বাড়ি উপজেলার মনিনাগ গ্রামে।
সরেজমিনে গিয়ে জানা যায়, মেহেরুন্নেসা হাজিগঞ্জ ডিগ্রি কলেজের ১ বর্ষে পরীক্ষার্থী। ঘটনার সময় গত রোববার সাড়ে ৯টায় প্রতিপক্ষ মো. রফিকুল ইসলামের (৩০) নেতৃত্বে শাহআলম, সুজন, জুয়েল, রিয়াদসহ ৮/১০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তাদের উপর অতর্কিত হামলা চালায়। ঘটনার সময় তানজিল তার বোনকে নিয়ে গ্রামের বাড়ি থেকে প্রবেশপত্র আনতে গিয়ে এই হামলার শিকার হয়।
মেহেরুন নেছার মা তাসলিমা বেগম জানান, গত কয়েকদিন আগেও তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে গেলে তাদের উপরে এই গ্রুপ হামলা চালিয়েছিল।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রবিউল আলম জানান, সকালে তানজিল ও মেহেরুন্নেসা দু’জনেই হাসপাতালে ভর্তি হন। বর্তমানে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
