
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বিদ্যুৎ বিল দিতে এসে সিএনজিচালিত স্কুটারের ধাক্কায় লাশ হলেন, মো. আবুল হাসেম (৬৫) ওরফে হাসেম ভূঁইয়া নামের এক বৃদ্ধ। গতকাল রোববার দুপুরে উপজেলার বাকিলা বাজার এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক পার হতে গিয়ে তিনি এ দুর্ঘটনা শিকার হয়ে মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে থানার উপ-পরিদর্শক নুর আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন। নিহত হাসেম ভূঁইয়া কালচোঁ দক্ষিণ ইউনিয়নের কর্দি-সিদলা গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল হাকিম ভূঁইয়ার ছেলে।
জানা গেছে, এ দিন সকাল ১১টার দিকে বিদ্যুৎ বিল দিতে বাকিলা বাজারে আসেন হাসেম ভূঁইয়া। তিনি বাজার এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা হাজীগঞ্জমুখী দ্রুতগামী একটি সিএনজিচালিত স্কুটারের ধাক্কায় গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত হাসেম ভুঁইয়াকে উদ্ধার করে ওই দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত স্কুটারযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হলে তাদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে আনার আগেই আবুল হাসেম মারা যান। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, নিহত আবুল হাসেমের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত নিহতের মরদেহ থানা হেফাজতে ছিলো।
