হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে তাহিয়া (১) নামের এক শিশু মারা গেছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পালিশারা গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা
ঘটে। নিহত শিশু ওই বাড়ির মো. ইসমাঈল হোসেনের ছোট মেয়ে। এদিন রাতে নিহত তাহিয়ার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয়রা জানায়, এ দিন বিকালে তাহিয়া নিজ ঘরেই খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর তাকে ঘরের মধ্যে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। পরে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবার ও বাড়ির লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এদিকে তাহিয়ার মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন ও বাড়ির লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম শোয়েব আহমেদ চিশতী জানান, শিশুটিকে হাসপাতালে আমরা মৃত অবস্থায় পেয়েছি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে, কিন্তু ততক্ষনে শিশুটির পরিবার লাশ নিয়ে বাড়িতে চলে গেছে। তিনি বলেন, হাসপাতাল সূত্রে জানতে পেরেছি, শিশুটি নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
২৬ সেপ্টেম্বর, ২০২১।
