হাজীগঞ্জে এবার পরিবহন চালকসহ ১৩ যাত্রীকে জরিমানা

 

মাস্ক পরিধান না করায় এ পর্যন্ত ৬৪ জনকে অর্থদণ্ড

মোহাম্মাদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে এবার মাস্ক পরিধান না করায় বিভিন্ন পরিবহনের কয়েকজন চালকসহ ১৩ জন যাত্রীকে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে হাজীগঞ্জ পশ্চিম বাজারে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চলাচলকৃত বিভিন্ন পরিবহনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩টি মামলায় ১৩ জনকে মোট ২ হাজার ৮শ’ টাকা জরিমানা করেন তিনি।
করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনসাধারণের মাস্ক পরিধান নিশ্চিতকরণে গত ১০ নভেম্বর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় এদিন দুপুরে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে চলাচলকৃত বিভিন্ন পরিবহনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় যাত্রী ও চালকদের মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না মানায় কয়েকজন চালকসহ ১৩ যাত্রীকে জনকে জরিমানা করা হয়।
এর আগে মাস্ক না পরার অপরাধে গত ১৮ নভেম্বর উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের চেঙ্গাতলী বাজারে ৯ জনকে ১ হাজার ৮শ’ টাকা জরিমানা, ১৭ নভেম্বর পৌরসভাধীন আলীগঞ্জ বাজারে ১৭ জনকে ৩ হাজার ১শ’ ৬০ টাকা জরিমানা, ১২ নভেম্বর হাজীগঞ্জ বাজারে ১৫ জনকে ৩ হাজার টাকা জরিমানা এবং ১০ নভেম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারে ১০ জনকে মোট ১ হাজার ৬শ’ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি আইন না মানায় (মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায়) ২০১৮ সালের সংক্রমণ আইনে পৌরসভাধীন হাজীগঞ্জ পশ্চিম বাজারে কয়েকজন পরিবহন চালকসহ ১৩জন যাত্রীকে নগদ ২ হাজার ৮শ’ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া।
এ সময় জরিমানাকৃতদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন তিনি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাজীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
২০ নভেম্বর, ২০২০।