হাজীগঞ্জে এবার পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে এবার পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক (৩০) নামের এক যুবক মারা গেছে। মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের দক্ষিণ পাড়া মরহুম কাশেম কাউন্সিলরের বাড়ির পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ওই বাড়ির আব্দুর রশিদের ছেলে।
এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে শাখাওয়াত হোসেন (২) এবং একই দিন সকালে সদর ইউনিয়নের সুুুুবিদপুর গ্রামে ফয়সাল হোসেন (৪) নামের দুই শিশু মারা গেছে।
নিহত যুবক ওমর ফারুকের পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন সকালে বাড়ির পুকুর ঘাটলায় হাতমুখ ধৌত করতে গিয়ে পুকুরের পানিতে তলিয়ে যায় ওমর ফারুক। কিছু সময় পার হলেও সে ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়।
এরপর পরিবার ও বাড়ির লোকজন পুকুরের পানিতে নেমে ওমর ফারুক’কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহত ওমর ফারুক শিশুকাল থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলেন পরিবারের লোকজন জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানভীর হাসান বলেন, ওমর ফারুককে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।
০২ ডিসেম্বর, ২০২০।