ট্রাফিক পুলিশের সচেতনতামূলক কার্যক্রম
মোহাম্মদ হাবীব উল্যাহ্
আসছে শীত মৌসুমে কোভিড-১৯ (করোনাভাইরাস) দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে ও করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের নির্দেশনায় হাজীগঞ্জে ট্রাফিক পুলিশ সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ
করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুধবার (৪ নভেম্বর) বিকালে এই সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করেন।
এইদিন বিকালে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসাবে হাজীগঞ্জ পশ্চিম বাজারের চৌরাস্তায় সব ধরনের পরিবহন চালক ও যাত্রীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং সিএনজি ও অটোরিক্সার লক্ষনীয় স্থানে ‘নো মাস্ক, নো প্যাসেঞ্জার’ লেখা সম্বলিত লিফলেট লাগানো হয়। ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. জাহাঙ্গীর আলমের সার্বিক ব্যবস্থাপনায় হাজীগঞ্জ ট্রাফিক পুলিশ করোনাভাইরাস প্রতিরোধে এই সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে।
মাস্ক বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন বলেন, আসছে শীতের সময় করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। এ ক্ষেত্রে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং সর্বসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছে। আমরাও পুলিশ সুপারের নির্দেশনায় হাজীগঞ্জে সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছি।
পরিবহন চালক ও যাত্রীসহ উপিস্থিতির উদ্দেশ্যে তিনি বলেন, আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন না হয় এবং স্বাস্থ্যবিধি না মেনে চলি, তাহলে আমি ও আমার পরিবারের ক্ষেত্রে ভয়ের কারণ হতে পারে। তাই করোনামুক্ত থাকতে এবং করোনার দ্বিতীয় ঢেউ রুখতে হলে এ মুহূর্তে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। বিশেষ করে সবার মুখে মাস্ক পড়া অত্যন্ত জরুরি। এ সময় তিনি মাস্ক পড়ার বিভিন্ন সুবিধা উল্লেখ করেন।
সচেতনতামূলক কার্যক্রমে হাজীগঞ্জ ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (সার্জেন্ট) নাহিয়ান নয়নসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি এবং পরিবহন চালক ও যাত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সবার মাস্ক পরা নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ গত মঙ্গলবার (৩ নভেম্বর) সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে।
৫ নভেম্বর, ২০২০।
