মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল আউয়ালসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। এ ঘটনায় নিহতের পরিবার, আত্মীয়-স্বজন ও বাড়ির লোকজনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
গত ১৪ জুলাই মরহুম আব্দুল আউয়ালের বড় বোন কামরুন্নাহার (৫৩) করোনা উপসর্গে মৃত্যুবরণ করেন। এরপর করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। ১৮ জুলাই তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
এর আগে গত ৫ জুন সকালে আব্দুল আউয়াল (৫০) করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান। এরপর নমুনা পরীক্ষায় তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপর গত ১২ জুন সকালে আব্দুল আউয়ালের বাবা আবুল কাশেম ওরফে লেদা মিয়াও (৮০) করোনা উপসর্গে মৃত্যুবরণ করেন। পরে তার নমুনা পরীক্ষায় করোনা রিপোর্ট পজেটিভ আসে।
মৃত আব্দুল আউয়াল হাজীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক ছিলেন। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের সর্দার বাড়ির প্রকাশ মিয়াজী বাড়ির বাসিন্দা।
এদিকে মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু এবং একমাস পরে বোনের মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ মকিমাবাদ এলাকায় শোকের ছায়া নেমে আসে। ১৯ জুলাই, ২০২০।
