মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে করোনা আক্রান্ত এক নারীর (৪০) কাছে চিরকুট পাঠিয়ে তাকে সাহস যুগিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। গতকাল রোববার ‘আমরা করবো জয়’ শিরোনামে ছোট্ট একটি চিরকুট ওই নারীর কাছে পাঠান তিনি।
আশাব্যঞ্জক ওই চিরকুটের সাথে তার (করোনা আক্রান্ত নারী) বাসায় এক সপ্তাহের খাদ্য সামগ্রীও পাঠালেন ইউএনও। এদিন দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ ট্রাক রোডের লকডাউনকৃত বাসায় এই চিরকুট ও খাদ্য সামগ্রী পাঠানো হয়।
ইউএনও’র পাঠানো ছোট্ট ওই চিরকুটে লেখা ছিলো, নিজের যত্ন নিন, মনোবল হারাবেন না। আমরা সবাই আপনার পাশে আছি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউএনও, হাজীগঞ্জ, চাঁদপুর আইডিতে একটি স্ট্যাটাসও দেন ইউএনও বৈশাখী বড়ুয়া।
তিনি স্ট্যাটাসে লেখেন গত ১৫.৫.২০২০ তারিখে হাজীগঞ্জে করোনা শনাক্ত ব্যক্তির নিকট ভালোবাসা এবং সাহস মিশ্রিত খাদ্যসামগ্রী সংবলিত উপহার প্রেরণ করা হয়। ভালো থাকুক সকলে, বেঁচে থাকুক মানবতা…
এর আগে গত শুক্রবার দুপুরে প্রকাশিত রিপোর্টে ওই নারীর করোনা পজেটিভ আসে। এর পরেই তার বসবাসকৃত বাড়িটি লকডাউন করে প্রশাসন ও থানা পুলিশ। তিনি ওই বাড়িতে ভাড়া বাসায় থাকেন।
উল্লেখ্য, এ নিয়ে হাজীগঞ্জে পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন সুস্থ হয়েছেন এবং একজন নারী মারা গেছেন। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর পর নমুনা পরীক্ষায় নিহত নারীর করোনা পজেটিভ আসে।
১৮ মে, ২০২০।
