মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় (বদরপুর) এম.এ.এস কাদেরিয়া চিশতীয়া হোসাইনিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে মাদরাসা হলরুমে ইবতেদায়ী সমাপনী, জেডিসি ও দাখিল পরীক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরপুর দরবার শরীফ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েখ আল্লামা আবু ছুফিয়ান আল কাদেরী।
প্রধান অতিথির বক্তব্যে আবু ছুফিয়ান আল কাদেরী বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনে ছাত্র, শিক্ষক ও অভিভাবকের সমন্বয় থাকতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। সন্তানের নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়া নিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠানে কি পড়ালেখা হয়েছে এবং বাড়ির কাজ কি দিয়েছে, তা তদারকির মাধ্যমে ওই দিনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। এছাড়া সন্তান কার সাথে চলাফেরা করে, কোথায় যায় এবং কি করে, তার খোঁজ-খবর রাখতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে, উল্লেখ করে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, এ কমপ্লেক্সের মাধ্যমে এই এলাকার শিক্ষার্থীদের সু-শিক্ষার পথ প্রশস্ত হয়েছে। এ প্রতিষ্ঠানের উন্নয়নের আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে এবং থাকবে। আপনাদের সুচিন্তিত মতামত, পরামর্শ এবং আন্তরিক সহযোগিতার মাধ্যমে এ কমপ্লেক্স আরো উন্নত হবে। কারন, প্রতিষ্ঠানের উন্নয়ন মানে, শিক্ষার্থীদের উন্নয়ন তথা এলাকার উন্নয়ন। এ সময় তিনি কোন অপপ্রচার ও গুজবে কান দেয়ার আহবান জানান এবং অভিভাবকদের ব্যাপক উপস্থিতি ও স্বঃতস্ফূর্ত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বদরপুর দরবার শরীফ কমপ্লেক্সের মহাপরিচালক মাও. মো. রহমত উল্যাহ্ খাঁন আল কাদেরীর সভাপতিত্বে মাদরাসা কর্তৃক আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মসজিদে গাউছুল আজম জিলানী জামে মসজিদের সাবেক খতিব ও পেশ ইমাম হাফেজ মো. আবুল খায়ের মোফাচ্ছের। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন মাদরাসার প্রধান শিক্ষক মাও. মো. সাইফুল ইসলাম, শিক্ষক মো. মো. জোবায়ের হোসেন ও কাউছার আহমেদ।
শিক্ষক ক্বারী মো. বিল্লাল হোসেন বেলাল পাটওয়ারীর সঞ্চালনায় সমাবেশে সাবেক শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মো. গিয়াস উদ্দিন ও মো. আরিফ উল্যাহ। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করেন মাদরাসার শিক্ষার্থীরা। অতিথিদের বক্তব্য শেখে কমপ্লেক্সের উন্নয়ন ও সমৃদ্ধি, পরীক্ষার্থীর সফলতা কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি শায়েখ আল্লামা আবু ছুফিয়ান আল কাদেরী।
এ সময় মাদরাসা সেক্রেটারী মো. সিরাজুল ইসলাম ও সদস্য সিরাজুল ইসলাম ছেরু মজুমদারসহ মাদরাসার অন্যান্য শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইবতেদায়ী সমাপনী, শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
