হাজীগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় মোটর সাইকেল চালক নিহত


মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় মো. নজরুল ইসলাম (৬০) নামের এক মোটর সাইকেলের চালক নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার এনায়েতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঐদিন সন্ধ্যায় পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলায় যাওয়ার পথে মো. নজরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের মিজি বাড়ির মৃত আবদুর রব মিজির ছেলে। তিনি বাখরাবাদ গ্যাস সিস্টেমের অ্যাসিসটেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি অবসরজনিত ছুটিতে এসেছেন।
জানা গেছে, নজরুল ইসলাম পারিবারিক কাজে মোটর সাইকেল যোগে শাহরাস্তি যাওয়ার পথে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের এনায়েতপুর নামক স্থানে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ (মিনি ট্রাক) তার মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের নিচে চলে যায়। এ সময় তিনি কাভার্ড ভ্যান চাপায় গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত নজরুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করে। খবর পেয়ে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের মরদেহ থানা হেফাজতে নিয়ে আসেন।
হাটিলা পশ্চিম ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মো. মহসিন মোল্লা জানান, নিহত নজরুল ইসলাম বাখরাবাদ গ্যাস সিস্টেম, ফেনির শাখা অফিসের অ্যাসিসটেন্ট ম্যানেজার ছিলেন। ২/৩ মাস আগে তিনি চাকরি থেকে এলপিআরে এসেছেন। তার স্ত্রী ও ৩ ছেলে রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই নজরুল ইসলামের মৃত্যু হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে। ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে এবং পিকআপটি আটকের চেষ্টা চলছে।

২ আগস্ট, ২০১৯।