হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে ভিক্ষুকদের পূনর্বাসনের মাধ্যমে কালচোঁ দক্ষিণ ইউনিয়নকে আনুষ্ঠানিক ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। গত বৃহস্পতিবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ইউনিয়নের ১৫ জন ভিক্ষুককে পূনর্বাসনের উপকরণ (সেলাই মেশিন, ছাগল ও ক্ষুদ্র ব্যবসার মালামাল) প্রদানের মাধ্যামে এ ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন তিনি।
রামপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে ১৫ জন ভিক্ষুকের নিজ-নিজ চাহিদা অনুযায়ী ৫ জনকে সেলাই মেশিন, ৯ জনকে ছাগল ও ১ জনকে ক্ষুদ্র দোকানের উপকরণ (চায়ের ফ্লাক্স, কয়েক প্রকার বিস্কুট, চকলেট, চিপস ইত্যাদি) প্রদান করা হয়।
এর আগে উপস্থিতির উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। এছাড়া বক্তব্য রাখেন রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফেজ মো. শাহজালাল, সাধারণ সম্পাদক মাওলানা মো. মাইনুদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে রামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহআলম, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মুক্তা আক্তার, ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগী ও তাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পূনর্বাসনের মাধ্যমে ইউনিয়নে ভিক্ষুকমুক্তকরণে সব ভিক্ষুকদের সাথে সাক্ষাৎ এবং যাচাই-বাছাইয়ের মাধ্যমে ১৫ জন ভিক্ষুক পাওয়া যায়। যাদের পূনর্বাসনের উদ্দেশ্যে বিভিন্ন আয়বর্ধক উপকরণ প্রদান করা হয়।
