হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে রাকিব হোসেন (২০) একজন বিদ্যুৎ শ্রমিক মারা গেছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বিদ্যুতের খুঁটি থেকে পা পিছলে পড়ে সে মারা যায়। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর লাইন সম্প্রসারণ করার সময় ঠিকাদারের অধীনে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় সে অসাবধানবশত পা পিছলে নিচে পড়ে যায়।
নিহত বিদ্যুৎ শ্রমিক রাকিব হোসেন (২০) পঞ্চগড় জেলার সদর উপজেলার খলিলুর রহমানের ছেলে। সে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঠিকাদার রাজন হোসেনের সাইট লেবার হিসেবে কাজ করতো। এদিন রামচন্দ্রপুর কাজ করার সময় অসাবধনাতবশত খুঁটি থেকে পড়ে গুরুতর আহত হয়। এরপর সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ নিহত রাকিবের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। এরপর ময়নাতদন্তের জন্য তার মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে ঠিকাদার রাজন হোসেন জানান, আমি ঘটনাস্থলে ছিলাম না। দুর্ঘটনার পর খবর পেয়ে হাসপাতালে গিয়ে জানতে পারি রাকিব মারা গেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এস.এম সোয়েব আহমেদ চিশতী জানান, আমরা হাসপাতালে রাকিব হোসেনকে মৃত অবস্থায় পেয়েছি।
পুলিশ নিহতের পরিবারকে খবর দিয়েছে। তারা পঞ্চগড় থেকে আসতে বেশ সময় লাগবে বলে জানান থানার ওসি মো. আলমগীর হোসেন রনি। তিনি বলেন, পরিবারের সদস্যরা আসলে রাকিবের মৃত্যুদেহ বুঝিয়ে দেয়া হবে এবং পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
৩০ ডিসেম্বর, ২০২০।
